মৌলভীবাজারে দায়িত্ব নেওয়ার পর কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক পরিস্থিতি, বিভিন্ন সমস্যা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ জানতে চান পুলিশ সুপার। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সমন্বয় আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।