সাংবাদিকতার মানোন্নয়ন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্য নিয়ে রাজধানীতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। এই আয়োজনের ঘোষণা দিয়েছে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৮ ও ৯ মে রাজধানীর হোটেল রেডিসনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিক, সম্পাদক, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।
হাসিবুর রহমান জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে দেশের সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত মানোন্নয়নের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, “বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”
আয়োজকরা জানিয়েছেন, দুই দিনব্যাপী এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এতে ২০ জনের বেশি বক্তা অংশ নেবেন এবং ৫০০-এর বেশি অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি ১০টিরও বেশি দেশের বিশেষজ্ঞরা এতে যোগ দেবেন। এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ মে এই আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে।
সম্মেলনের কর্মসূচিতে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক এবং বিশেষ মাস্টার ক্লাস অন্তর্ভুক্ত থাকবে। অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত মাইক্রোসাইট (www.bdjc.mrdibd.org) এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ১ মিনিট থেকে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আবেদন গ্রহণ করা হলেও চূড়ান্ত নির্বাচন করবে আয়োজক কর্তৃপক্ষ।
এছাড়া ঢাকার বাইরে কর্মরত ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগ রাখা হয়েছে। আগ্রহীদের স্টোরি আইডিয়া জমা দিতে হবে। নির্বাচিতরা এমআরডিআইয়ের পক্ষ থেকে মেন্টরশিপ পাবেন এবং প্রয়োজনে রিপোর্টিং ব্যয়ও সংস্থাটি বহন করবে।