সোমবার, 5 অক্টোবর 2026
সকল বিভাগ

স্ত্রী আত্মহত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

স্ত্রী আত্মহত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আলভীর জামিন আবেদনে দাবি করা হয়, এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রেমের বিয়ে হওয়ায় ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার কারণে বাদী হয়রানির উদ্দেশ্যে মামলাটি করেছেন। আবেদনে আরও বলা হয়, মামলার এজাহারে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি।

জামিন আবেদনে আরও উল্লেখ করা হয়, আলভী দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিস বা গুরুতর হাঁপানি রোগে ভুগছেন। গত ১৩ জুন অ্যাজমা অ্যাটাকের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বক্ষব্যাধি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আবেদনে বলা হয়, তার বর্তমান শারীরিক অবস্থায় কারাগারের আবদ্ধ পরিবেশে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এতে শ্বাসকষ্টজনিত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার আদালতে আসামিপক্ষের হয়ে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ একাধিক আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এ মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।