রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

শামীম রেজার কবিতা ‘এ সময়’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম রেজা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন কৈশোর থেকে। শৈশবেই তার সাংবাদিকতার হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সাবেক এই সদস্য কাব্যচর্চাও করছেন অনেকটা নিভৃতেই। দ্য ভয়েস২৪-এর পাঠকদের জন্য শামীম রেজা রচিত একটি কবিতা প্রকাশ করা হল। কবিতাটিতে উঠে এসেছে সমকালীন বৈশ্বিক রাজনীতি, মানবিক দুর্দশা এবং ইতিহাস-ঐতিহ্যের মোড়কে নিজস্ব দর্শনের বহিঃপ্রকাশ।

শামীম রেজার কবিতা ‘এ সময়’
শামীম রেজা

এ সময়  

এ সময়ে আমাদের ঠিক চাঁদ-তারার সৌন্দর্যে বিমোহিত হওয়ার কথা নয়। 

এ সময় অ্যাপোলো অথবা আর্টেমিস দেবীর পৌরাণিক প্রলাপ 

মনস্তত্ত্বে বিজ্ঞাপন হওয়ার কথা নয়। 

সে সময়ের সুকান্তর ঝলসানো রুটি 

এ সময়ে হয়ে গেছে অর্ধেক।

সমৃদ্ধ ইতিহাস, অর্থনীতি আর কালচার—

সভ্য সমাজের ইউটোপিয়া 

আজ পরিষ্কার অষ্টমীর জ্যোৎস্নার মতো।

যে সময়ে মনে হয় প্রেয়সীর মুখের রঙ 

আদখানা চাঁদের জ্যোৎস্নার মতো;

খানিকটা মনে পড়ে 

খানিকটা ভুলে যাই,

অল্পতে মুখ কালো

অল্পতে গলে যায়! 

হায়! সে সময়েও আমাদের 

এই বৈশ্বিক রাজনীতির টানাপোড়েন!

বরং এ সময় আমাদের অদ্ভুত এই শহরের মায়াজাল ভেঙে চুরমার করে 

ডানা মেলার।

এ সময় প্রাগৈতিহাসিক বিবাদের 

সংকীর্ণ গণ্ডি পেরিয়ে,

বিবর্ণ বিষন্ন আধুনিক চিড়িয়াখানায় বন্দি

প্রাণিসকলের মুক্ত হওয়ার। 

এ সময় আত্মসর্বস্ব পুজিবাদী আবেগ

আর শঙ্কিত দাম্ভিক উজবুকের

খোলস ছেড়ে তা ধিন ধিন

নৃত্য করার। 

সে সময়ের 'রূপসার ঘোলা জলে 

কিশোরের সাদা ছেঁড়া পাল'

এ সময় নিতান্তই স্থির! 

তাই এ সময় কবিতারা বিক্ষোভে নেতৃত্ব দেয়;

আর কবি তামাশা দেখে মুচকি হাসেন।

নক্ষত্রের রাত পেরিয়ে যায়,

ডেকে আনে অশনির ভোর। 

খামার থেকে সারিবদ্ধ ভেড়ার পাল 

ভ্যাঁ ভ্যাঁ ধ্বনিতে উন্মাদ;

এ সময় অ্যাড্রিনাল

ছুঁতে চায় অরোরার রঙ।

এ সময়ে বিশ্বজুড়ে সর্বময় সংঘাত;

ওয়েস্ট ব্যাংকের শিশুদের কান্নায় 

ভূরাজনীতির সমীকরণ ঘোরে না। 

এ সময়ে জরথুষ্ট্র জেগে উঠুক,

এ সময়ে যিশু, যিজাস বা ঈসা

পুনরায় ভালবাসা বিলাক 

ফিলিস্তিনের সর্বশেষ জীবিত জলপাই বাগানে। 

আলির শানিত তরবারি চুরমার করুক

শিয়া কিংবা সুন্নির রাজনৈতিক বিভেদ। 

হায় হাসান হায় হোসেন

এ সময় আফসোসের!

কিংবা এ সময় ক্রুসেড আসুক ফিরে,

আণবিক বোমার আঘাতে 

হরমুজ থেকে পেন্টাগন

উল্টে যাক। 

তারপর পৃথিবী হোক রজনীগন্ধার।

৭ এপ্রিল, ২০২৬

শংকর।