চাঁদপুরে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে দুই বছরের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য ছয়জন বিশিষ্ট লেখকের নাম চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা শহরের একটি রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক কবি ও আইনজীবী রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
তিনি জানান, এবার ২০২৫ এবং ২০২৬ সালের পুরস্কার একসাথে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২০২৫ সালের জন্য কাব্যগ্রন্থে রহমান হেনরী, উপন্যাসে আকিমুন রহমান ও ছোটদের লেখায় এনায়েত রসুল চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। অন্যদিকে ২০২৬ সালের জন্য কবিতায় জরিনা আখতার, গদ্য বা প্রবন্ধে প্রণব মজুমদার এবং নাট্যচর্চায় মোস্তফা কামাল যাত্রা এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।
সংগঠনের সভাপতি আয়েশা আক্তার রুপার সঞ্চালনায় এই নাম ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উৎসব কমিটির প্রধান শিউলী মজুমদার, সদস্যসচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের প্রতিনিধি নন্দিতা দাস, পরিচালনা পর্ষদের প্রধান আসাদুল্লাহ কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, প্রধান নির্বাহী আইরিন সুলতানা লিমা, তথ্যপ্রযুক্তি বিষয়ক পরিচালক রাসেল ইব্রাহীম, প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম এবং স্থানীয় পাঠাগারের প্রতিনিধি মিজানুর রহমান স্বপন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদকগুলো লেখকদের হাতে তুলে দেওয়া হবে। একাডেমির রূপকার রফিকুজ্জামান রণি এ প্রসঙ্গে বলেন, সম্মাননা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় সাহিত্যিকদের উপস্থিতিতে খুব শীঘ্রই এই উৎসবমুখর আয়োজন সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।