টানা তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার শেষ ষোলোর লড়াইয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।
প্রতিপক্ষ তুলনামূলক কম অভিজ্ঞ হলেও কোনোভাবেই তাদের হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি নকআউট ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন এবং সূচিতেও পরিবর্তন এনেছেন।
আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবার মায়ামিতে যাওয়ার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার কানসাসে পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন শেষ করে বিকেলেই মায়ামির উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা। নকআউট ম্যাচের আগে আরও বেশি সময় প্রস্তুতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়েও কিছুটা চিন্তায় রয়েছে কোচিং স্টাফ। অধিনায়ক লিওনেল মেসি নিয়মিত গোল করলেও অন্য ফরোয়ার্ডরা এখনো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি।
এ কারণে একাদশে পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
ফলে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন সমীকরণ দেখা যেতে পারে।