কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বর্তমান সময়ের অন্যতম প্রয়োজনীয় দক্ষতা হলেও এর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে ‘পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষতা হওয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। আমারও এখানে শেখার অনেক কিছু রয়েছে। তবে অনেক সময় শোনা যায়, এআই অতিরিক্ত ব্যবহারে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও জ্ঞানচর্চা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা যদি অ্যাসাইনমেন্ট তৈরির জন্য পুরোপুরি এআই এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে তাদের চিন্তাশক্তি এবং সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।'
তিনি আরও বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। আমি আশা করি, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনারা পাঠদান ও গবেষণায় কাজে লাগাবেন এবং এটি আপনাদের গবেষণার মানোন্নয়ন ও জ্ঞানসমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
আয়োজকরা জানান, বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তিটির ব্যবহার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এআই বিষয়ে দক্ষতা অর্জন না করলে ভবিষ্যতে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও জানান, এআই প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রতিবছর নতুন নতুন টুল যুক্ত হচ্ছে। এসব প্রযুক্তিকে কার্যকরভাবে পাঠদান ও গবেষণায় ব্যবহার করা গেলে গবেষণার গতি বৃদ্ধি পাবে এবং শিক্ষাদান প্রক্রিয়াও আরও ফলপ্রসূ হবে।
আয়োজকদের ভাষ্য, এআই ব্যবহারের বিভিন্ন কৌশল ও কার্যকর পদ্ধতি আয়ত্ত করার মাধ্যমে প্রযুক্তিটিকে ইতিবাচক ও উৎপাদনশীল কাজে আরও দক্ষতার সঙ্গে কাজে লাগানো সম্ভব। এ লক্ষ্যেই তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।