রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলাটাই স্বপ্নের মতো: হাইতির কোচ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামাকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন হাইতির কোচ সেবাস্টিয়ান মিগনে। তবে তার বিশ্বাস, আন্ডারডগ হিসেবে এই ম্যাচে হাইতির হারানোর কিছু নেই, বরং নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে অনেক।

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলাটাই স্বপ্নের মতো: হাইতির কোচ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামাকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন হাইতির কোচ সেবাস্টিয়ান মিগনে। তবে তার বিশ্বাস, আন্ডারডগ হিসেবে এই ম্যাচে হাইতির হারানোর কিছু নেই, বরং নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে অনেক।

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া হাইতি নিজেদের অভিযান শুরু করেছে স্কটল্যান্ডের বিপক্ষে ১–০ গোলের পরাজয় দিয়ে। সেই ম্যাচে সমতায় ফেরার কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পায়নি দলটি। এবার শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে চমক দেখানোর লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে হাইতি।

বিশ্বকাপের গ্রুপ ‘সি’র এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল। শিরোপা ও ঐতিহ্যে সমৃদ্ধ দলটির বিপক্ষে জয় পেলে তা হাইতির ফুটবল ইতিহাসে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দোভাষীর মাধ্যমে কথা বলেন হাইতির কোচ সেবাস্টিয়ান মিগনে। তিনি জানান, ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলতে হলে আগের ম্যাচের তুলনায় আরও বেশি পরিশ্রম ও তীব্রতা দেখাতে হবে।

তিনি বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, ব্রাজিলের বিপক্ষে আমাদের তার চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই, বরং অর্জনের আছে অনেক কিছু।’

মিগনে আরও বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হচ্ছি। এই অভিজ্ঞতাটিই দেশের জন্য গর্বের একটি মুহূর্ত। আমরা আশা করি ব্রাজিলকে রুখে দিয়ে হাইতির সমর্থকদের গর্বিত করতে পারব।’

প্রথম ম্যাচে পরাজয় এলেও দলের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই বলে জানান হাইতি কোচ। তার মতে, স্কটল্যান্ডের বিপক্ষে দলের পারফরম্যান্স প্রমাণ করেছে যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য তাদের রয়েছে।

নিজেদের লক্ষ্য তুলে ধরে মিগনে বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, নিজেদের সামর্থ্য দেখাতে চাই এবং তৃতীয় স্থান অর্জন করেও পরের পর্বে ওঠার সুযোগ তৈরি করতে চাই। আমরা যদি ব্রাজিলের বিপক্ষে জিততে পারি, তাহলে হাইতিতে উন্মাদনা ছড়িয়ে পড়বে।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি তাই শুধু পয়েন্ট অর্জনের লড়াই নয়, বরং নিজেদের সামর্থ্য বিশ্বকে জানানোর বড় সুযোগ হিসেবেই দেখছে হাইতি।