আলু, আম এবং সবজিসহ রপ্তানিযোগ্য পণ্যের মানোন্নয়ন ও রপ্তানীকারকদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
ক্যাপাসিটি বিল্ডিং, গ্রুপ ফরমেশন এন্ড এনহ্যান্সিং অফ পটেটো,ম্যাঙ্গো অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার' শীর্ষক কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অর্থায়নে অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ জুন) সকাল ১০ টায় প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের প্রশিক্ষণ কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কর্মশালায় এতে অংশ নেয় ২৫ জন প্রশিক্ষণার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বিএডিসি গবেষণা সেলের প্রধান সমন্বয়ক ড. মো নাজমুল ইসলাম। এছাড়া প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ড. মোঃ মাহমুদুল হাসান চৌধুরী ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'এই প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে সততা, পণ্যের মান বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। বিএডিসির এই উদ্যোগ অংশগ্রহণকারীদের বাস্তবিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আপনারা ব্যবসায় সফল হবেন, দেশের ভালো পণ্য বিদেশে রপ্তানি করে দেশের সুনাম বৃদ্ধি করবেন।'