টানা বিক্ষোভ ও পরীক্ষা পেছানোর জোরালো দাবির মুখে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়েই আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সপ্তম দিনের পরীক্ষা।
সকাল ১০টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী আটটি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পাঁচটি বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুপুর দেড়টায় রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ডাক দিয়েছে আন্দোলনরত পরীক্ষার্থীরা।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি চট্টগ্রাম বোর্ড বাদে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা চলছে।
এর আগে গতকাল দেশের বিভিন্ন স্থানে বন্যা, জলাবদ্ধতা ও অনবরত বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পরীক্ষার্থীদের একটি অংশ। আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখা, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, কেবল অতিবৃষ্টি ও জলাবদ্ধতার শিকার চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে দেশের বাকি অঞ্চলের পরিবেশ অনুকূলে থাকায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠক।
অন্যদিকে আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করে জানিয়েছে, পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু হবে। অধিকার আদায়ের স্লোগানে মুখর এই লংমার্চ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।